অবসরে জ্যাক মা

১০ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৫১  
জীবনের ৫৫তম বসন্তে দুই দশক ধরে গড়ে তোলা ই-কমার্স জায়ান্ট আলিবাবা’র এক্সিকিউটিভ চেয়ারম্যান পদ থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন জ্যাক মা। মঙ্গলবার হাংঝু এর অলিম্পিক আকারের স্টেডিয়াম আকারের প্রাঙ্গনে সকলের ভালেবাসায় সিক্ত হন আলিবাবা সহ-প্রতিষ্ঠাতা। অনুষ্ঠানে তার অবসরের সঙ্গে সঙ্গে তার বদলে নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আলিবাবার সিইও ড্যানিয়েল ঝাং। এর আগে গত বছর সেপ্টেম্বরে জ্যাক মা জানিয়েছিলেন, অবসর নেওয়ার পরে বয়স ৭০ হবার আগেই অন্য কোনো ফিল্ডে তিনি কিছু একটা করবেন। এটা হতে পারে শিক্ষকতা। এর পাশাপাশি নিজের দাতব্য সংস্থা জ্যাক মা ফাইন্ডেশনেও সময় দেবেন। নিজের অবসরের ব্যাপারে তিনি বলেন, আলিবাবা কখনোই শুধু জ্যাক মাকে নিয়ে ছিলো না বরং জ্যাক মা সব সময় আলিবাবার হয়েই থাকবে। আমি আজীবনই আলিবাবার ফাউন্ডিং পার্টনার থাকবো। প্রসঙ্গত, ১৯৯৯ সালে জ্যাক মাসহ কয়েকজন অংশীদার মিলে প্রতিষ্ঠা করেন আলিবাবা। বর্তমানে আলিবাবা ৪৬০ বিলিয়ন ডলারের কোম্পানি আর জ্যাক মা চীনের শীর্ষ ধনী ব্যক্তি।